মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরু হওয়া স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে মহিলা নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা বেগম, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার ও রুমা বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতা প্রতিহত করতে দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় সালথা ও নগরকান্দা এলাকায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। ভবিষ্যতেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।