নিজস্ব প্রতিবেদক ॥
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দুই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদরদপ্তর থেকে দেশের প্রতিটি ইউনিট ও জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের সমন্বিতভাবে মাঠে নামানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, রোববার ও সোমবারের (২৯ ও ৩০ নভেম্বর ২০২৬) কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। নাশকতাপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি থানা পর্যায়ের কর্মকর্তাদেরও মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছু স্থানে দুর্বল কর্মকর্তাদের সরিয়ে দক্ষ ও সক্ষম কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
রাজধানী ও সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি
পুলিশ ও গোয়েন্দা সূত্রগুলোর দাবি, নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা আড়ালে থেকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। ঢাকার বাইরে থেকে অপরিচিত কর্মীদের এনে রাজধানীকে অস্থিতিশীল করার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। ঝটিকা মিছিল এবং যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কায় রাজধানীর প্রবেশপথ, গুরুত্বপূর্ণ সড়ক, হাসপাতাল, থানা ও সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র-বিস্ফোরক চোরাচালান ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে বিজিবির সঙ্গে সমন্বয় করে যৌথ টহল বাড়ানো হয়েছে।
নেপথ্যের তৎপরতা ও গ্রেপ্তার
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ করে নাশকতার পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, বিদেশে পলাতক শীর্ষ নেতাদের নির্দেশে এবং ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। নাশকতাকারীরা ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ভিডিও ধারণ করে বিদেশে অবস্থানরত নেতাদের কাছে পাঠাচ্ছে। এসব ঘটনার অর্থের জোগানদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া বাহিনীর ভেতরে কোনো সদস্যের সন্দেহজনক গতিবিধি রয়েছে কি না, তা-ও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সাম্প্রতিক নাশকতার চিত্র
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সারা দেশে দুই শতাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ এবং আতঙ্ক ছড়াতে প্রায় দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলতি মাসে পুলিশের ৪টি স্থাপনায় হামলা, ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৪টি স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা এবং জুলাই স্মৃতিস্তম্ভে দুটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা হয়েছে ও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাতটি জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদরদপ্তর জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যদের মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন দায়িত্ব পালন করছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।