ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে এক ফল ব্যবসায়ীর ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার টাকা আত্নসাত ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ম্যানেজার আনোয়ার পারভেজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী মালিক আবুল কালাম। আজ সোমবার দুপুরে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় লিখিত বক্তব্যে ফল ব্যবসায়ী আবুল কালাম জানান, সরল বিশ্বাসে গত ২০০৯ সালে তার ব্যবসা প্রতিষ্ঠান ভৈরব ফল ভান্ডারে আনোয়ার পারভেজ কে ম্যানেজার হিসেবে চাকরী দেন। দায়িত্ব নেয়ার পর ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিগত ১০ বছরে ব্যবসার লেন- দেন বাবত ৩’শ ৮১ কোটি ৪৮ লাখ ১১ হাজার বিরানব্বই টাকা গ্রহণ করে। এরমধ্যে ৩’শ ৭৭ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৫শ ৯৫ টাকা ব্যয় দেখিয়েছেন । বাকি ৪ কোটি ৩০ লাখ ৪৯ হাজার ৪শ ৯৭ টাকার কোন হিসাব দেখাতে পারেননি। আবুল কালামের দাবী এই টাকা সে আত্মসাত করেছেন।
আবুল কালামের অভিযোগ, আত্নসাতের টাকা দিয়ে ম্যনেজার একাধিক জায়গা-জমিসহ ভবন নির্মাণ করেছে। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারী তার কাছে হিসাব চাইলে সে আত্নসাতের অভিযোগ অস্বীকার করে বিভিন্ন টালবাহানা শুরু করে। পরে তার বাড়ীতে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে সে আমাকে ও আমার পরিবারকে নানাভাবে প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
এছাড়াও বর্তমানে বিপুল পরিমান টাকা আত্নসাতের কারনে পুজিঁর অভাবে আমার ব্যবসায় ধস নেমেছে এবং আমি ঋণগ্রস্ত ও দেউলিয়া হয়ে পড়ছি। তাই আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে আত্নসাতকৃত টাকা ফেরত ও বিচারের দাবী করছি ।
এ সময় আবুল কালামের পুত্র বিজয় খন্দকার, ফল ব্যবসায়ী হাজী জাকির মিয়া ও মোস্তফা মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে আনোয়ার পারভেজ বলেন, তিনি চাকরী করতেন না। ব্যবসায়ীক পাটনার ছিলেন। যদিও তার কাছে পার্টনারশিপের কোন ডকুমেন্টস নাই।
তিনি আরও বলেন, বর্তমানে আবুল কালাম মিয়ার ছেলে ব্যবসার দায়িত্ব নেয়ার পর আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দিতে আমার বিরুদ্ধে তারা যড়যন্ত্র করছে।