নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা) ॥
ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস মজুদ ও বোতলজাতকরণের ঘটনায় একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ গ্যাস সংরক্ষণ ও বোতলজাতকরণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কোনাখোলা রাজাবাড়ী সড়ক সংলগ্ন ‘কেরানীগঞ্জ স্যাটেলাইট এলপিজি বোটলিং প্লান্ট’ নামে একটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযান শুরুর আগেই টের পেয়ে কারখানার লোকজন সেটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রশাসন। এ সময় কারখানার ভেতর থেকে দুইটি বড় আকারের এলপিজি গ্যাসের মজুদ ট্যাংক, আরও দুইটি নির্মাণাধীন ট্যাংক, তিনটি রোড ট্যাংকার, এলপিজি রিফিলের ক্যারোজাল মেশিন এবং ইউনিগ্যাস ও ইন্ট্রাকো কোম্পানির সিলিন্ডারভর্তি দুইটি পিকআপ ট্রাক উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুক তিনি সাংবাদিকদের বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে রোড ট্যাংকারে এলপিজি গ্যাস এনে মজুদ করত এবং বিভিন্ন কোম্পানির সিলিন্ডারে তা রিফিল করে বাজারজাত করছিল। অনুমোদন ছাড়া এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।