কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ও নিউজ ডেস্ক ॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় এই ইপিজেড নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রস্তাবনা ও ভৌগোলিক গুরুত্ব
গত ২৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার দেওয়া এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বেপজা এই পদক্ষেপ নেয়। প্রস্তাবনায় তিনি উল্লেখ করেন, তিনলাখপীর এলাকাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এবং এখান থেকে আখাউড়া স্থলবন্দর ও রেলওয়ে জংশনের দূরত্ব অত্যন্ত কম।
সড়ক ও রেলপথে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে চমৎকার যোগাযোগ ব্যবস্থা থাকায় কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য পরিবহনে এই স্থানটি অত্যন্ত সুবিধাজনক। এছাড়া এখানে পর্যাপ্ত খাস জমিও রয়েছে।
স্থানীয় ও বৈশ্বিক প্রভাব
এ বিষয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “তিনলাখপীরে ইপিজেড স্থাপিত হলে শুধু কসবা-আখাউড়া নয়, পুরো জেলার অর্থনৈতিক চেহারা বদলে যাবে। এখানে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক সুবিধা নিশ্চিত করা সম্ভব। বিদেশি অনেক বিনিয়োগকারী এখানে শিল্পকারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছেন।”
তিনি আরও জানান, জেলাভিত্তিক ইপিজেড করার যে মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে, এটি তারই অংশ। এই উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বেপজা কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।