নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ আইনের ব্যাখ্যা দেওয়া নয়; বরং সারাদেশে কোথায় কোথায় সন্ত্রাসীরা লুকিয়ে আছে তাদের তালিকা করে বিচারের আওতায় আনা। আইনের ব্যাখ্যা দেবেন আইনমন্ত্রী।”
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
হামলা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ
নিজের নির্বাচনী এলাকায় তিনবার হামলার শিকার হয়েছেন উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, “আমি এমপি হওয়া সত্ত্বেও এলাকায় গিয়ে হামলার শিকার হয়েছি। এরা কারা? এরা তো তারাই, যাদের হাতে বিএনপি নেতাকর্মীদের রক্ত লেগে আছে। যারা নিজ ভাইদের খুন করেছে, তাদেরই আবার পুনর্বাসিত করে আমাদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে। এই বিশ্বাসঘাতকতা বাংলাদেশ আর সইবে না। এই অপকর্মের মূল্য একদিন এ দেশেই দিতে হবে।”
ভোট ডাকাতি ও নতুন বাংলাদেশের অঙ্গীকার
নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি এই নির্বাচনে সচক্ষে ভোট ডাকাতি দেখেছি। আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতে চাই-আমরা রক্ত ঝরিয়েছি বলেই আজ আপনারা এমপি হতে পেরেছেন। এই নতুন বাংলাদেশে আমরা আর কোনো প্রতারণার রাজনীতি দেখতে চাই না। প্রধানমন্ত্রী যে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, তা নিয়ে কেন সংসদে দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে?”
জেন-জি প্রজন্মের অধিকার
তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের দাবি জানিয়ে এনসিপি’র এই সংসদ সদস্য বলেন, “আমি ‘জেন-জি’র (Gen-Z) প্রতিনিধি হয়ে সংসদে এসেছি। নতুন প্রজন্মের প্রশ্ন-স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়েও আমরা কেন ভোটাধিকার বঞ্চিত হলাম? আমরা কি আদৌ একটি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? না, পাইনি। ১৯৭৩ সালেও ভোট চুরি হয়েছে। যদিও পরবর্তীতে জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।”