কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, নিউজ ডেস্ক ॥
গাজীপুরের কালিয়াকৈরে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার লতিফপুর দারুস সুন্নাহ হিফজ মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সজিবুল ইসলাম, হেড অব অপারেশনস মো. রাজিবুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মো. সোহেল রানা সবুজ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আল মামুন এবং এক্সিকিউটিভ সেক্রেটারি মোবারক হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সাদ্দাম হোসেন জনি, অ্যাডভোকেট আল মাসুদ, বাবুল শেখ, মো. লিটন ইসলাম, মো. নবীউল ইসলাম আপন, মো. সানজিদ ও মো. রাইয়ানুল ইসলাম আরাফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনের একটি বিশেষ দিক ছিল শিশুদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করা। মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ১৩,৮০০ বার দুরুদ শরিফ, ২,২৭৩ বার সূরা ইখলাস এবং ৮,২৬০ বার ইস্তেগফার পাঠ করে। এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
ইফতারের আগে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে এই মহৎ উদ্যোগে যারা দান ও সহযোগিতা করেছেন, তাদের প্রয়াত পিতামাতা ও আত্মীয়-স্বজনের রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুর রহিম নোমানী।
অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দাতা, সহযোগী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।