নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই নজিরবিহীন হট্টগোল ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরু করার পরপরই বিরোধীদলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ (ওয়াক আউট) করেন।
অধিবেশন কক্ষে যা ঘটেছে
সংসদীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতিকে ভাষণ প্রদানের জন্য মঞ্চে আমন্ত্রণ জানালে বিরোধী দলের সদস্যরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। এসময় তারা ‘জুলাইয়ে গাদ্দার’ স্লোগান সংবলিত লিফলেট প্রদর্শন করেন। স্পিকার তাদের বারবার শান্ত থাকার অনুরোধ জানালেও হট্টগোল থামেনি।
রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করলে বিরোধীদলের সংসদ সদস্যরা ‘গেট আউট চুপ্পু’ বলে সমস্বরে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে স্লোগান দিতে দিতেই তারা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। বিরোধীদলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন।
হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া
সংসদ থেকে বেরিয়ে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি ইংরেজিতে কেবল তিনটি শব্দ লিখেছেন: ‘Get out Chuppu’। তার এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, রাষ্ট্রপতির অপসারণ ও জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছেন হাসনাত আবদুল্লাহসহ বর্তমান সংসদের বিরোধীদলীয় একাধিক নেতা। আজকের এই ওয়াক আউট এবং ফেসবুক পোস্ট সেই অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।