রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল উৎসব ‘ফুটবল ডে’। এশিয়ায় নারী ফুটবলকে আরও জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করে তুলতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ঘোষণার অংশ হিসেবে রোববার (৮ মার্চ) উপজেলার রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সকালে বর্ণাঢ্য বাইসাইকেল র্যালির মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। র্যালিটি একাডেমি মাঠ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়। পরে রাঙাটুঙ্গী প্রমিলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় অনুপ্রেরণামূলক আলোচনা সভা।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-এডুকোর আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১৫০ জন নারী ফুটবলারের মধ্যে টি-শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
রাঙাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনেক নারী ফুটবলার ইতোমধ্যে জাতীয় পর্যায়ে অবদান রাখছে।
তারা বিদেশের মাটিতেও খেলছে এবং এলাকার সুনাম বয়ে আনছে। এ ধরনের আয়োজন নারী খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির ফুটবল প্রশিক্ষক গোপাল মুর্মু সুগা, ইএসডিও-এডুকোর পিসি শরিফুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী খেলোয়াড়রা।
আয়োজকেরা জানান, নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মের মেয়েদের খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।