বান্দরবান জেলা প্রতিনিধি ॥
বান্দরবানে অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জেলা সভাপতি মো: জাবেদ রেজা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন তুষার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জয়া দত্ত, ক্রীড়াবিদ মফিজুর রহমান বাচ্চু, রফিকুল আলম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার’সহ ৮টি ফুটবল টিম অংশ নিয়েছে। উদ্ধোধনী খেলা বান্দরবান জেলা দল ২-০ গোলে রাঙামাটি টিম’কে হারিয়েছে।
অপরদিকে চট্টগ্রাম জেলা দল ১-০ গোলে খাগড়াছড়ি জেলা দল’কে হারিয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, অনূর্ধ্ব১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন করে গতিশীল করে তুলবে। প্রতিযোগিতায় মাধ্যমে মেধাবী খেলোয়াড় বেড়িয়ে আসবে, যারা দেশের জন্য আন্তর্জাতিক ভাবে সুনাম অর্জন করে আনবে আগামীতে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাবে ।