নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাংসদ গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মন্ত্রীত্ব পাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করিনি। সংসদে দেশের জনগণের কথা বলা জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। দেশ ও জনগণের সেবার মাধ্যমে বাকি জীবন বেঁচে থাকতে চাই। এর বাইরে আমার কোনো কাজ নেই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের মির্জাপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের লড়াই আমাদের গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছে। সকল দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বিগত ১৭ বছরে যারা নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা মুক্তিযুদ্ধকেও বিক্রি করেছে। তবে আজ নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। একই সাথে জনগণের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে দেশ।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আপনারা (প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) পেশাদারিত্ব বজায় রাখবেন। কারো দাসত্ব করবেন না। দেশ রক্ষায় নিজেদের সর্বদা প্রস্তুত রাখুন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ওমর শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী প্রমুখ।