নড়াইল প্রতিনিধি॥
নড়াইল-২ আসনে নির্বাচন-পরবর্তী উত্তেজনার জেরে সদর উপজেলার গাবতলা এলাকায় ধানের শীষ ও স্বতন্ত্র (কলস প্রতীক) প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রাব্বি নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। কলস প্রতীকের সমর্থকদের দাবি, চায়ের দোকানে বসা অবস্থায় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অপরদিকে, ধানের শীষের সমর্থকদের অভিযোগ, তাদের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা হলে সংঘর্ষ বাধে।
নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, কলস সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।