নিজস্ব প্রতিবেদক ও ডেস্ক রিপোর্ট, ঢাকা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। দীর্ঘ আলোচনা ও দফায় দফায় বৈঠকের পর জোটের শরিক দলগুলোর মধ্যে ২৫৩টি আসনের সমঝোতা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে আসন বিন্যাসের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষিত তালিকা অনুযায়ী, জোটের প্রধান শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে। শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি এবং খেলাফত মজলিস ১০টি আসন পেয়েছে।
এছাড়া জোটের অন্যান্য শরিকদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম পার্টিকে ২টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
বৈঠক ও নাটকীয়তা এই আসন সমঝোতা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। জোটভুক্ত দলগুলো একাধিক দফায় রুদ্ধদ্বার বৈঠক করে। এর আগে গত বুধবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে তা আকস্মিকভাবে স্থগিত করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদে বাকি ১০টি দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে জামায়াত নেতৃত্ব সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। সেই বৈঠকেই দীর্ঘ আলোচনার পর জট খোলে এবং রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সমঝোতার কথা জানানো হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নেতৃত্বে এই বৃহৎ নির্বাচনি মোর্চা গঠন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।