বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উদ্বেগ ও প্রার্থনায় দেশবাসী

Coder Boss
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

বিশেষ প্রতিনিধি ॥
রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সর্বস্তরের মানুষের দোয়া, সিসিইউতে নিবিড় চিকিৎসা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গোটা দেশ আজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে। গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত এই নেত্রীর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ সৃষ্টিকর্তার কাছে আবেদন জানাচ্ছেন।

সর্বস্তরের দোয়া ও আরোগ্য কামনা
দেশের এই রাজনৈতিক অভিভাবকের রোগমুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। প্রধান উপদেষ্টা নিজেও শুক্রবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় জানান, রাষ্ট্রপতি মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা এবং একই সাথে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ অনেকেই দোয়া চেয়েছেন। গতকাল ভোরে মাওলানা মামুনুল হক হাসপাতালে খালেদা জিয়াকে দেখতেও যান। বিশিষ্ট মাওলানা মিজানুর রহমান আজহারী সহ আলেম-ওলামাদের পক্ষ থেকেও সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে।

দুপুরে হাসপাতালে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। হাসপাতালের সামনে ভিড় করে থাকা উদ্বিগ্ন নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় সামলাতে নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। ভিড় না জমিয়ে যার যার অবস্থানে থেকে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার এই আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

চিকিৎসার সর্বশেষ অবস্থা
জানা গেছে, সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা সম্মিলিত সিদ্ধান্তে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, ‘নেত্রীর অবস্থা ক্রিটিক্যাল। সংশ্লিষ্ট চিকিৎসকরা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। এখন তাঁর জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই।’

এদিকে, যুক্তরাজ্য, চীনসহ কয়েকটি দেশ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা প্রদানের প্রস্তাব করেছে। সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি দেশের অ্যাডভান্স হেলথ সেন্টারে নিয়ে চিকিৎসা প্রদানের বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি থাকলেও, বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা কিংবা স্থিতিশীলতা তৈরি না হওয়ায় সে সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশজুড়ে দোয়া ও মোনাজাত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ঢাকার ঐতিহ্যবাহী হোসনিদালান ইমামবাড়াতেও পবিত্র জুমার নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার মধ্যরাতে অধ্যাপক আসিফ নজরুল ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খবর নেন।

সারা দেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা, উপজেলাসহ নানা ইউনিট পর্যায়ে শুক্রবারের মতো গতকালও বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বিশিষ্টজনদের আরোগ্য কামনা
বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গনের বিশিষ্টজনরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন:

জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তাঁর আশু আরোগ্য কামনা করেছেন।

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ক্রিকেটার তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করি।’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমও তাঁর আরোগ্য চেয়ে দোয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও কুমিল্লা, বগুড়া, গাইবান্ধা, নোয়াখালী, রংপুর, নারায়ণগঞ্জ, বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাতের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102