নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
ঢাকার কেরানীগঞ্জে আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে তোলা আকরাম গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (৪ এপ্রিল) দুপুর একটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকায় অবস্থিত আকরাম গ্যাস লাইটার কারখানায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের পর কয়েকজন শ্রমিকের পরিবার ঘটনাস্থলে তাদের স্বজনদের খোঁজ পেতে অপেক্ষা করছিলেন। এর মধ্যে রয়েছেন শিশু শ্রমিক মনিরা (১২) ও নাইম হোসেন (১৭)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতরে তল্লাশি চালিয়ে একে একে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুলিশের পিকআপভ্যানযোগে স্যার সলিমুল্লাহ কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কারখানাটির মালিক কেরানীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা আকরাম মিয়া। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ হওয়ায় উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি তারা নারী না পুরুষ তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, কারখানার ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শ্রমিকদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।