হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি ॥
দীর্ঘ ১১ দিনের টানা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। পবিত্র ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি কাটিয়ে রোববার (২৯ মার্চ) ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মাধ্যমে পুনরায় শুরু হয়েছে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর আজ (২৯ মার্চ) থেকে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দর এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ এবং ফিরে এসেছে চিরচেনা প্রাণচাঞ্চল্য।
শুল্ক স্টেশন ও বন্দর পরিস্থিতি
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আমির হামজা জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো ইতিমধ্যে পানামা হিলি পোর্টের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও রপ্তানিযোগ্য পণ্য ভারতে যাচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, আমদানিকৃত পণ্যের প্রয়োজনীয় নথিপত্র এবং শুল্ক পরিশোধ করা থাকলে দ্রুত পণ্য খালাসের সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।
স্বস্তিতে শ্রমিকরা
বন্দর চালু হওয়ায় সবচেয়ে বেশি খুশি সাধারণ শ্রমিকরা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় আর্থিক সংকটে থাকা শ্রমিক মো. সাইফুল ইসলাম বলেন, “বন্দর বন্ধ থাকায় হাতে টাকা ছিল না, ধার-দেনা করে চলতে হয়েছে। আজ থেকে কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।”