নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ ও তেলবাহী ট্যাংকার থেকে টোল আদায়ের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের তোড়জোড় শুরু করেছে ইরান। দেশটির পার্লামেন্ট বা মজলিসে এই সংক্রান্ত একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস ও তাসনিম নিউজ এজেন্সি।
ইরানের পার্লামেন্টের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে আইন প্রণয়নকারী দলের মাধ্যমে খসড়াটি চূড়ান্ত করা হবে। তার দাবি, আন্তর্জাতিক অন্যান্য বাণিজ্যিক করিডোরের মতো হরমুজ প্রণালীও একটি ট্রানজিট রুট, যেখানে পণ্য পরিবহনে শুল্ক প্রদান একটি স্বাভাবিক প্রক্রিয়া।
নিরাপত্তার বিনিময়ে শুল্ক
ইরানের পক্ষ থেকে যুক্তি দেওয়া হচ্ছে যে, হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইরান পালন করে থাকে। কমিটির চেয়ারম্যান বলেন, “আমরা যেহেতু এই রুটে জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করছি, তাই সেই সেবার বিনিময়ে ফি বা টোল আদায় করা সম্পূর্ণ যুক্তিসঙ্গত।”
আন্তর্জাতিক প্রেক্ষাপট
উল্লেখ্য যে, বর্তমানে চলমান আঞ্চলিক সংঘাত নিরসনে ইরান যে পাঁচটি শর্ত দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো- হরমুজ প্রণালীর ওপর ইরানের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই তেহরানের এমন আইনি পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।
তথ্যসূত্র: আল-জাজিরা