নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে। র্যাবের শীর্ষ এই পদে তিনি বর্তমান মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে নতুন এই দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত পলাশ এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
র্যাবের কমান্ডিং পজিশনে এই পরিবর্তনের মাধ্যমে এলিট ফোর্সটির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।