ধামরাই (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন ধামরাইয়ের একটি স্থানীয় বাজার ঝটিকা পরিদর্শন করেছেন। রবিবার (১৫ মার্চ ২০২৬) আকস্মিক এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে সংসদ সদস্য বাজারের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বাজারের বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাজারের টেকসই আধুনিকায়ন নিশ্চিত করতে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে এমপি তমিজ উদ্দীন বলেন, “উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। সিস্টেম লস যেন কোনোভাবেই সহনীয় পর্যায় অতিক্রম না করে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। জনস্বার্থে গৃহীত কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা তুলে ধরে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি ধামরাইয়ের জন্য এমন কিছু কাজ করে যেতে চাই যেন মানুষ আজীবন মনে রাখে। তারা যেন গর্ব করে বলতে পারে-এমন একজনকে তারা এমপি বানিয়েছিল, যিনি এলাকার উন্নয়নে সত্যিই আন্তরিক ও নিবেদিতপ্রাণ ছিলেন।”
পরিদর্শন শেষে তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।