রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে বাংলাদেশ ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অধিদপ্তরের কর্মকর্তা মো. তানভীর আহমেদের সহায়তায় ফিলিং স্টেশনটির পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে দেখা যায়, নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি ভোক্তাদের কম দেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। ভোক্তা স্বার্থ ক্ষুণ্য এবং ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮–এর ২৯ ধারায় রফিক ওয়েল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।