বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২‎ রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার ২০ হাজার টাকা জরিমানা খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী নড়াইলে সড়কের পাশ থেকে শপিং ব্যাগে রাখা নবজাতকের মরদেহ উদ্ধার আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কেরানীগঞ্জে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার জেগে উঠা যমুনার চরে স্বপ্নের লড়াই থানা-ফাঁড়ির আওতাতেও মাদকের আখড়া গড়ে উঠেছে: গয়েশ্বর রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম

খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। যারা খাল দখল করবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন অবস্থাতেই খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না। খাল পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে কেরানীগঞ্জে ‘খাল-পুকুর-জলাশয় খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চুনকুটিয়া এলাকায় শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন না হওয়ায় শুধু কেরানীগঞ্জ নয়, সারা দেশে সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, খাল খনন কর্মসূচি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি একটি বিপ্লব ও আন্দোলন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মহাবিপ্লব ঘটিয়েছিলেন। বর্তমান সরকারের খাল খনন উদ্যোগ তারই ধারাবাহিকতা। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেও এ বিষয়টি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এ কাজটি করে যাচ্ছি।

খাল দখল ও দূষণের বিষয়ে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শুভাড্যা খালের অনেক জায়গায় ময়লা-আবর্জনা জমে আছে। অনেক জায়গা বেদখল রয়েছে। খালের জায়গা দখল করে ঘর-বাড়ি ও মার্কেট গড়ে তোলা হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে।

জনকল্যাণে খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খাল রক্ষা ও খনন কার্যক্রম টেকসই করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সেজন্য প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে শুভাঢ্যা ও আটিবাজার খাল খনন বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর কবির ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় প্রমুখ।

শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের আটি জয়নগর খাল পরিদর্শন করেন।

এসময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান ও তাঁর ছেলে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সাথে কুশল বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102