নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া সংসদীয় উপ-নির্বাচন আগামী পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলা নববর্ষের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।
উৎসবের আগেই ভোট বাকি থাকা দুই আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “আমরা আশা করছি পহেলা বৈশাখের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন শেষ করতে পারব। সাধারণত পহেলা বৈশাখে দেশজুড়ে উৎসবের আমেজ থাকে, তাই সেই আমেজ শুরু হওয়ার আগেই আমরা নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ গুছিয়ে ফেলার চেষ্টা করছি। ইনশাআল্লাহ, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।”
প্রবাসী ভোটারদের আপডেট বগুড়ার নির্বাচনের কারিগরি বিষয়ে তিনি জানান, বগুড়ায় যে সকল প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন, তারা ইতিপূর্বেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কমিশন পুনরায় তাদের কাছে ব্যালট পেপার পাঠানোর ব্যবস্থা করবে। এ ছাড়া ভোটার তালিকায় নতুন কেউ বাদ পড়ে থাকলে, তাদের নিবন্ধনের জন্য আরও দুই থেকে চার দিন সময় দেওয়া হতে পারে।
সংরক্ষিত নারী আসন উপ-নির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের অগ্রগতি নিয়েও কথা বলেন এই কমিশনার। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যে এই নির্বাচনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়ে গেছে। গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যেই আইনি সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করতে সক্ষম হবে।