মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক পদ ছেড়ে অর্ধশত কর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন এক প্রভাবশালী নেতা। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
পদত্যাগকারী ওই নেতার নাম মজিবুর রহমান। তিনি সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান বলেন, “আজ থেকে আমি আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা থাকবে না।” তিনি আরও উল্লেখ করেন যে, তিনি মূলত আগে বিএনপির রাজনীতির সাথেই যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনেকটা ‘চাপে পড়ে’ তিনি দলটিতে নাম লেখাতে বাধ্য হয়েছিলেন। এখন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ ধারণ করেই রাজনীতি করবেন বলে জানান।
মজিবুর রহমানের এই ঘোষণার সময় তাঁর সাথে থাকা আরও অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে স্থানীয় বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সোবহান মোল্লা, বিএনপি নেতা পাবেল রায়হান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি তৌহিদ খান, বিএনপি নেতা ওহাব খান, সেকেন মোল্লা, রোকন মাতুব্বর ও সাইফুল খানসহ শতাধিক নেতাকর্মী।