রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ভালুকায় রণক্ষেত্র: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, আহত ৩০

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৯ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনার সূত্রপাত:
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম উপজেলার বাটাজোড় এলাকায় গণসংযোগে যান। সন্ধ্যার আগে সেখানে ধানের শীষের সমর্থকরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের সহায়তায় মোর্শেদ আলম অক্ষত অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে পৌর সদর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সহিংসতার বিস্তার ও অগ্নিসংযোগ:
বাটাজোড়ের ঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা পৌর সদরে বিক্ষোভ মিছিল বের করে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এর প্রতিক্রিয়ায় বিএনপির দলীয় নেতাকর্মীরা পাল্টা সংগঠিত হয়ে পৌর ছাত্রদলের সদস্যসচিব আদি খান শাকিলের কার্যালয় এবং স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সহিংসতা এখানেই থেমে থাকেনি; রাতে সিডস্টোর বাজারে যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের জেরে পৌর এলাকার সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

পাল্টাপাল্টি অভিযোগ:
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, “গত তিন দিন ধরেই ধানের শীষের সমর্থকরা আমাদের বাধা দিচ্ছে। আজ আমাকে ঘেরাও করে হামলার চেষ্টা করা হয়েছে। আমার একাধিক কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাব।”

অন্যদিকে, বিএনপি প্রার্থীর কার্যালয়ে উপস্থিত কর্মীরা দাবি করেন, শ্রমিক দলের সভা চলাকালীন স্বতন্ত্র প্রার্থীর লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদ জানান, কারা হামলা করেছে তা শনাক্ত করে পরবর্তীতে জানানো হবে।

প্রশাসনের বক্তব্য:
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান, স্বতন্ত্র প্রার্থীকে প্রচারণার সময় ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত। ৪-৫টি স্পটে ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102