নিজস্ব প্রতিবেদক॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি গতকাল (১৮ জানুয়ারি, ২০২৬) শেষ হয়েছে। শেষ দিনের নাটকীয়তা আর চুলচেরা বিশ্লেষণ শেষে ৪১৭ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে নির্বাচনী লড়াইয়ে এখন পর্যন্ত মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জনে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষা
গতকাল নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ফুল বেঞ্চ আপিল শুনানি পরিচালনা করেন। শুনানিতে চট্টগ্রামের আলোচিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে ইসিতে করা আপিলটি দীর্ঘ যুক্তিতর্ক শেষে নামঞ্জুর করে কমিশন।
অন্যদিকে, নাটকীয়ভাবে প্রার্থিতা হারিয়েছেন চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের করা আপিল মঞ্জুর হওয়ায় সারোয়ারের প্রার্থিতা বাতিল হয়। এ ছাড়া দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বিএনপি মনোনীত কুমিল্লা-১০ আসনের প্রার্থীর মনোনয়ন বাতিল এবং কুমিল্লা-৩ আসনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
টিকে গেলেন আব্দুল আউয়াল মিন্টু ও লতিফ সিদ্দিকী
ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতাও বহাল রেখেছে ইসি। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর বিরুদ্ধে আপিল করা হলেও কমিশন দেখতে পায় যে, ২৯ ডিসেম্বরের মধ্যেই তিনি নাগরিকত্ব ত্যাগের আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দিয়েছেন। এদিকে টাঙ্গাইল-৪ আসনে সাবেক মন্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়ন বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে কমিশন, ফলে তাঁর নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
নজর কেড়েছেন ‘শরবত মিজান’
ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ওয়াসার পানি নিয়ে প্রতিবাদ করে আলোচিত হওয়া মিজানুর রহমান। ভোটার তথ্যের গরমিলের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তাঁর আবেদন বাতিল করেছিলেন। তবে শুনানিতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ভোটারদের সশরীরে হাজির করলে কমিশন তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে। প্রতিক্রিয়ায় মিজানুর রহমান বলেন, “মানুষের জীবনমান উন্নত করতেই আমি মাঠে নেমেছি।”
ইসিতে সংবিধান লঙ্ঘনের অভিযোগ
এদিকে দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধান ও সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘনের অভিযোগ তুলেছেন মামুন হাওলাদার নামে এক সচেতন নাগরিক। তিনি সিইসি বরাবর লিখিত চিঠিতে উচ্চ আদালতের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের দাবি জানান। কমিশনের এই সিদ্ধান্তের ফলে দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।